সিডনিতে শুরু হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ২০২৬ স্পোর্টস ফেস্টিভেল


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৫

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬

ছবি: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ২০২৬ স্পোর্টস ফেস্টিভেল

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিডনিতে শুরু হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DRMC AAA)–এর ২০২৬ সালের স্পোর্টস ফেস্টিভেল। গত ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই ক্রীড়া আসরটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এই বছরের ফেস্টিভেলে থাকছে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফিফা এবং ফুটবল/সকার। মোট ১১৫ জন খেলোয়াড়ের (বেডমিন্টনে ১৬, ফুটবলে ৪৬, ক্রিকেটে ৩২ এবং ফিফাতে ২১ জন) অংশগ্রহণে আয়োজনটি ইতোমধ্যেই প্রাণবন্ত ও প্রতিযোগিতামুখর হয়ে উঠেছে। ফেস্টিভেল পরিচালনা করছেন মোহাম্মদ অলিন, এবং তাঁকে সহযোগিতা করছেন আবু সালেহ তাসিন, তাহমিদ অত্রিও, সাফায়েত সিদ্দিকি, কাসিফ রহমান, মিনহাজ ইসলাম এবং মাহাথির রাতুল।

পৃষ্ঠপোষকতায় রয়েছেন—অদন্ত ডেন্টাল (ক্যানবেরা), DRMC AAA–এর ট্রেজারার মাহবুব আবদুল্লাহ, হাভান কেয়ার পিটিওয়াই লিমিটেড–এর অধিকারী আসনাফ সুহা ও মহিমুল ইসলাম সায়েম, ক্যানভাস এন্ড ক্লে–এর অধিকারী মোহাম্মদ অলিন, সাইফুল ইসলাম, তারিক কবির এবং শরীফ হাসান।

ফেস্টিভেলের প্রথম ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা, যা ২৬–২৭ সেপ্টেম্বর Pro1 Badminton Complex, Milperra–তে অনুষ্ঠিত হয়। এতে ১৬ জন রেমিয়ান ৮টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচগুলো ছিল টানটান উত্তেজনা, নৈপুণ্য, পারস্পরিক সম্মান এবং রেমিয়ান ভ্রাতৃত্বের অনন্য প্রদর্শনী। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হোন সৈয়দ ইসতিয়াক আহমেদ ও শাহিদুল হাবিব (ছোটন) এবং রানার আপ হোন মাহমুদুল হাসান (তুষার) ও মিনহাজ ইসলাম।

DRMC AAA–এর প্রেসিডেন্ট ড. হালিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান জানিয়েছেন যে, DRMC AAA সবসময়ই রেমিয়ানদের জন্য একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং কমিউনিটি‑কেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তাঁরা অস্ট্রেলিয়ার সকল রেমিয়ানকে এই উৎসবমুখর স্পোর্টস ফেস্টিভেলসহ DRMC AAA–এর প্ল্যাটফর্মে যুক্ত হতে আন্তরিকভাবে উৎসাহিত করেছেন এবং আগামীর প্রতিটি ইভেন্টে সমস্ত রেমিয়ানদের সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উষ্ণ স্বাগত জানিয়েছেন।

DRMC AAA স্পোর্টস ফেস্টিভেল ২০২৬ রেমিয়ান কমিউনিটিতে এক শক্তিশালী ইতিবাচক আমেজ তৈরি করেছে—যেখানে প্রতিযোগিতা যেমন আছে, তেমনি আছে বন্ধন, অন্তর্ভুক্তি, পারস্পরিক সম্মান এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার স্পিরিট।

 

রিপোর্ট: সৈয়দ ইসতিয়াক আহমেদ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top